
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক ভুক্তভোগী পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৭ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যৌথ আলোচনার মাধ্যমে এ ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিপূরণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের জন্য পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এসব সুবিধার মধ্যে রয়েছে আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগ।
উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে শনিবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত নবজাতকদের পরিবারের জন্য বিভিন্ন সহায়তা প্যাকেজ ঘোষণা করে। পরে আলোচনার মাধ্যমে পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তা কার্যকর করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


