
যশোর প্রতিনিধি:
ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের আওতাধীন দেশের সকল শাখার প্রথম প্রান্তিক পরীক্ষার সমন্বিত মেধা তালিকায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোর। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মেধা তালিকায় স্থান পাওয়া ৩২ শিক্ষার্থীর মধ্যে প্লে শ্রেণি থেকে ৫ জন, নার্সারি থেকে ৫ জন, কেজি থেকে ২ জন, প্রথম শ্রেণি থেকে ৬ জন, দ্বিতীয় শ্রেণি থেকে ১ জন, তৃতীয় শ্রেণি থেকে ৪ জন, চতুর্থ শ্রেণি থেকে ২ জন এবং পঞ্চম শ্রেণি থেকে ৭ জন শিক্ষার্থী রয়েছে।
এবারের ফলাফলে প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিরা ফাইরুজ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. তাহসান ইসলাম জাতীয় সমন্বিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে দেশসেরার গৌরব লাভ করেছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল বলেন, “ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলেই তারা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে।”
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল শারাফাত হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “এই অর্জন শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফল। আমরা শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, নৈতিকতা, মানবিকতা ও আদর্শ চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দিচ্ছি।”
যশোরের শিক্ষাবিদ আব্দুল হান্নান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ নাগরিক গড়ে তুলতে যে ধরনের আধুনিক শিক্ষাব্যবস্থা প্রয়োজন, প্রতিষ্ঠানটি তা সফলভাবে নিশ্চিত করছে। শিক্ষার মানোন্নয়নে তাদের অবদান প্রশংসনীয়।
সন্তানদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিভাবক ড. মেহেনিয়াজ উম্মে তাবাসসুম বলেন, “শুধু ফলাফল নয়, শিক্ষার্থীদের চারিত্রিক ও নৈতিক বিকাশেও প্রতিষ্ঠানটি অত্যন্ত আন্তরিক। সন্তানকে এখানে পড়ানোর সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।”
আরেক অভিভাবক হুমায়ুন কবির মিলন বলেন, “শিক্ষকদের আন্তরিকতা, আধুনিক শিক্ষাপদ্ধতি ও নিয়মিত মূল্যায়ন ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এই সাফল্য তারই প্রতিফলন।”
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোর আধুনিক, মানসম্মত ও মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের মতে, সর্বশেষ এই সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষার মান, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল স্বীকৃতি। এ অর্জনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।


