
যশোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে নাটকীয় মোড় নিয়েছে বিএনপির প্রার্থিতা নিয়ে চলমান অনিশ্চয়তা। নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে দীর্ঘ যুক্তিতর্ক শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। এর ফলে আগে স্থগিত হওয়া তার প্রার্থিতা পুনরায় কার্যকর হলো।
এর আগে যশোর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম সাবিরা সুলতানা মুন্নীর মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে ব্যাংক ঋণসংক্রান্ত বিষয় তুলে ধরে তার প্রার্থিতা বাতিলের আবেদন জানানো হয়। তবে শুনানি শেষে নির্বাচন কমিশন আপিলটি খারিজ করে দেন।
সাবিরা সুলতানা মুন্নীর রাজনৈতিক জীবনের পেছনে রয়েছে এক করুণ অধ্যায়। যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকায় অপহৃত হওয়ার পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী জীবন ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা মুন্নী। সময়ের ব্যবধানে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।
উল্লেখ্য, স্বামীর নেওয়া একটি ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন সাবিরা সুলতানা মুন্নী। ঋণ পরিশোধ না হওয়াকে কেন্দ্র করেই তার প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে আপিল শুনানিতে সব দিক বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রাখে।
ইসির এ সিদ্ধান্তে যশোর–২ আসনে বিএনপির নির্বাচনী মাঠ আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


