
ডেক্স রিপোর্ট :
দেশের প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসসে যেটা হয়েছে সেটা শুনেছি। এই ঘটনা দুঃখজনক।”
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র পরিবার এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।”
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। হতদরিদ্র পরিবারগুলো সবার আগে এ সুবিধা পাবে।”
সরকারি সূত্রে জানা গেছে, দেশের নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হলে দেশের বিপুলসংখ্যক দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি নগদ সহায়তার আওতায় আসবে বলে আশা করছে সরকার।


