
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র ঋণখেলাপির দায়ে চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন ফিরে পাওয়ার আশায় করা আপিলও শেষ পর্যন্ত খারিজ হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থ দিন শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। ইসি সূত্রে জানা গেছে, ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগের বিপরীতে টি এস আইয়ুব পর্যাপ্ত যুক্তি ও প্রয়োজনীয় দালিলিক প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে তাঁর আপিল আবেদন নামঞ্জুর করা হয় এবং আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এর মাধ্যমে যশোর-৪ আসনে বিএনপির এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ হয়ে গেল।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঋণখেলাপির অভিযোগে টি এস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি।
এই সিদ্ধান্তের ফলে যশোর-৪ আসনে নির্বাচনী সমীকরণে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


