
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক-১ মৌসুমে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ গোলাম রছুল। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকারের এই ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আউশ মৌসুমে অধিক উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, বাঘারপাড়া, যশোরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন। কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।


