
নিউজ ডেক্স :
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ সিবগা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে ২০২৬ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাদের এ দুই শীর্ষ পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে, নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা পূর্বে কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এদিন সকালে শুরু হওয়া কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ এ সারাদেশ থেকে আগত ছয় হাজারেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সম্মেলনের মধ্য দিয়েই ছাত্রশিবিরের ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।
আগামী এক বছরের জন্য নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেল সংগঠনের চলতি মেয়াদের সার্বিক দায়িত্ব পালন করবেন।


