
ডেক্স রিপোর্ট :
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) আবাসিক হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে অপর এক নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিএসই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এ কে এম আবদুল্লাহ আল মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিলে সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেনের রুমে প্রবেশ করেন। সিট দখলকে কেন্দ্র করে তারা তর্কে জড়িয়ে পড়েন।
ইকরামের অভিযোগ, অভিযুক্তরা জোর করে সিএসই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল সদস্য জোবাইদ হোসাইনকে ওই সিটে তুলতে চাইলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে জোবাইদ রুমে থাকা একটি ছুরি তুলে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা করেন। তবে উপস্থিত অন্যরা বাধা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এ ঘটনায় পরদিন ১৪ সেপ্টেম্বর ইকরাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে জোবাইদ হোসাইন বলেন, “এসব সম্পূর্ণ মিথ্যা। আমাকে মাসুদ ভাই ডেকেছিলেন, আমি শুধু গিয়েছিলাম। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ অভিযোগ আনা হয়েছে।” তবে ঘটনাস্থলে থাকা যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, “জোবাইদ উত্তেজিত হয়ে ছুটে গিয়েছিল, কিন্তু আমরা সাথে সাথেই থামিয়ে দিই। বিষয়টি হত্যাচেষ্টা নয়, অতিরঞ্জিত অভিযোগ।”
ঘটনায় অভিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. সাদিকুর রহমান জানান, “অভিযোগ হাতে পেয়েছি। উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


