
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামের হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন বেত্রাবতী নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাখাওয়াত হোসেন সাকা (৫৫) বাউশা গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঝিকরগাছা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


