
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় সংরক্ষিত নারী আসন-৩১৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (২৭ জুন) বিকেলে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক নেতারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্যকে অভিনন্দন জানান। পরে শিক্ষক সমাজের বিভিন্ন বিষয়, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মোস্তফা কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর, কানারআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, মিশ্রিদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মির আজিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানে শিক্ষক নেতারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ঝিকরগাছার শিক্ষা খাতের সার্বিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে শিক্ষা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


