
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে অনুষ্ঠিত জুলাই শহীদ জাবির আল-আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কায়েমকোলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সন্তোষনগর ফুটবল একাদশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ২ নম্বর মাগুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কায়েমকোলা ও সন্তোষনগর ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ে মেতে ওঠে। ম্যাচজুড়ে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত সন্তোষনগর ১-০ গোলে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে।
২ নম্বর মাগুরা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. রাসেল হোসেন।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের টিম সদস্য মো. ফিরোজ বিন রেজাউল, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আজাদ ও সাবেক ইউনিয়ন আমির মাওলানা আনোয়ার হুসাইন।
ফাইনাল ম্যাচ ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টানটান উত্তেজনার ম্যাচ শেষে সন্তোষনগরের শিরোপা জয়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


