
ঝিকরগাছা প্রতিনিধিঃ
৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে ঝিকরগাছায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
দিনের কর্মসূচি শুরু হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। উপজেলা শহর থেকে বের হওয়া র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা একটি সভ্য সমাজের ভিত্তি। মানবাধিকার রক্ষা শুধু কোনো সংগঠন বা সরকারের দায়িত্ব নয়—এ দায়িত্বে প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। বক্তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিমণ্ডল থেকে মানবাধিকার শিক্ষার প্রচলন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আলোচনা সভায় আয়োজকরা জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মর্যাদার সঙ্গে মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


