
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঝিকরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, “এখনও অনেক শ্রমিক সারাদিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কিছু অসাধু নিয়োগকর্তা শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিক দিতে গড়িমসি করেন। ইতিহাস সাক্ষী—অধিকার কখনও কাউকে তুলে দেওয়া হয় না, সংগ্রামের মাধ্যমেই তা আদায় করতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় পাশে আছি।”
সভাপতির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবির বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টা অধ্যাপক হারুনার রশিদ। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় শ্রমিক নেতারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, সর্বজনীন ন্যূনতম মজুরি ঘোষণা, সরকারি-বেসরকারি খাতে মজুরি বৈষম্য দূর করা, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, বন্ধ শিল্প-কারখানা চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত করা এবং শিশু শ্রম বন্ধসহ বিভিন্ন দাবি।
শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।


