
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেউলিগ্রামে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে গেলে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলা চালায় বিএনপির একদল সন্ত্রাসী। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা আব্দুস সামাদ হাজীর ইন্ধনে ও তার নেতৃত্বে বিএনপির কর্মী ফুলক ও বারিকখা সহ কয়েকজন সন্ত্রাসী জামায়াতে ইসলামীর ওই কর্মীর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা জামায়াত কর্মীকে বেধড়ক মারধর করে এবং লাঠি ও শক্ত বস্তু দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।
তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান এবং নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।


