
নিউজ ডেক্স :
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। “সুমন হুসাইন” নামের একটি ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করা হয়, যেখানে মাওলানা আব্দুল আলিমকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত, আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
ফেসবুক পোস্টটিতে দাবি করা হয়, জামায়াতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়। একই সঙ্গে মাওলানা আব্দুল আলিমকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্যও দেওয়া হয়। এছাড়া রাসেল হোসেন, রয়েলসহ কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করে নানা ধরনের অভিযোগ ও মন্তব্য করা হয়, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, পোস্টটিতে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তার অধিকাংশই মনগড়া, কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, দীর্ঘদিন ধরে মাওলানা আব্দুল আলিম ঝিকরগাছা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করতেই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা বলেন, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি কিংবা ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ তোলা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্ট নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সচেতন মহল বলছেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার করা উচিত নয়।
এ বিষয়ে এখনো মাওলানা আব্দুল আলিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থকরা জানিয়েছেন, প্রয়োজন হলে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।


