
ডেক্স রিপোর্ট :
যশোর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকারের অনাকাঙ্ক্ষিত বদলির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করে বদলির আদেশ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রেসক্লাবের সাংবাদিক, রিপোর্টার্স ক্লাবের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাঁরা ইউএনও ভূপালী সরকারের বদলি আদেশ দ্রুত বাতিল করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও ভূপালী সরকার ঝিকরগাছা উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছেন। তিনি দারিদ্র ও অসহায় মানুষের সহায়তা করেছেন, এমনকি বন্যায় প্লাবিত অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের খোঁজ নিয়েছেন,তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে এক নিবেদিত প্রাণ। তাঁর নেতৃত্বে ঝিকরগাছার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা প্রশংসনীয়।
উল্লেখ্যঃ ( ১০ সেপ্টেম্বর ) বুধবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও ভূপালী সরকারকে বাঘারপাড়া উপজেলা কার্যালয়ে বদলি করা হয়।


