
ঝিকরগাছা প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম এর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম ঝিকরগাছা ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন, শিক্ষা কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
প্রার্থিতা ঘোষণার পর মাওলানা আব্দুল আলিম বলেন, “জামায়াতে ইসলামী আমাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছে—এটি আমার জন্য বড় দায়িত্ব। আমি নির্বাচিত হলে এটিকে ক্ষমতা হিসেবে নয়, বরং জনগণের কল্যাণে একটি আমানত হিসেবে গ্রহণ করব এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”
এদিকে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাওলানা আব্দুল আলিম একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


