
ঝিনাইদহ প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের আয়োজিত একটি ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নারী ও পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
১৩ মার্চ (শুক্রবার) মাধবপুর গ্রামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার মাহফিল চলাকালে একদল ব্যক্তি সেখানে হামলা চালায়। এতে উপস্থিত কয়েকজন নারী-পুরুষ আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসেও এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে নারী ও সাধারণ মানুষের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


