
মোঃ আল আমিন খান কালীগঞ্জ প্রতিনিধি :
ঝিনাইদহ–৪ নির্বাচনী এলাকার ৯ নম্বর বারোবাজার ইউনিয়নের উদ্যোগে মঙ্গলপৈতা বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর ( সোমবার) বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।
তার বক্তব্যে তিনি বলেন—
“দেশের রাজনীতিতে শুভ পরিবর্তন আনতে হলে নৈতিক, সৎ ও দক্ষ নেতৃত্বকে সামনে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনই একমাত্র শান্তিপূর্ণ পথ। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার, স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করছি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তনই সম্ভব নয়। তাই আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ–৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
তিনি বলেন—
“জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং উন্নয়ন বঞ্চিত এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পরিবর্তনের জন্য জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ এই এলাকার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার আমির আব্দুল হক, সেক্রেটারি লুৎফর রহমান এবং ছাত্রশিবির কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা শাখার সভাপতি ইব্রাহিম।
নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, সংগঠনের মাঠপর্যায়ের প্রস্তুতি এবং ভোটারদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশটি সঞ্চালনা করেন আজিজুর রহমান।
স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।


