
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাশেদ খান।
দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে এ প্রতিবেদককে রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন। সেখানে তাকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়।
রাশেদ খান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় জনসভা করবেন—এই শর্তে আমি প্রার্থী হতে সম্মতি দিয়েছি। খুব শিগগিরই বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।”
বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তার অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, “হ্যাঁ, সবই থাকব। আল্লাহ ভরসা।”
উল্লেখ্য, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


