
কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রথমে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করেন।
মিছিলের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় কয়েকজনকে আটক করা হয় এবং মিছিলে ব্যবহৃত কয়েকটি যানবাহন জব্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মোট ৪৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।


