
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
বুধবার (৪ মার্চ) কোটা ফাজিল মাদ্রাসা মাঠে অভয়নগর উপজেলার চলিশীয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ গোলাম রসুল।
নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে নারীরা দলে দলে সভাস্থলে আসতে থাকেন। এতে বিভিন্ন বয়সী নারীদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর সরদার শরিফ হোসেন এবং সদ্য সাবেক যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলিশীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর রজব আলী ফারাজী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন, “নির্বাচনে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণ এবং আমাদের পক্ষে তাদের নিরলস পরিশ্রম এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে থাকবেন, তারা যদি তাকওয়াবান হন, তাহলেই সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে মহিলা জামায়াতের পক্ষ থেকে শিশুদের মাধ্যমে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি জুলেখা বেগম, সহকারী সেক্রেটারি ফজিলা বেগম ও হিরা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের কার্যক্রম শেষ হয়।


