
ডেক্স রিপোর্ট :
তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ সাতজন আলেম। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধিদলটি কাবুলে পৌঁছান।
বৃহস্পতিবার খেলাফত মজলিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে তারা আফগানিস্তানের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমাদের সমালোচনার প্রেক্ষাপটে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণও করবেন তারা।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক জোরদার, কূটনৈতিক অগ্রগতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন তারা।
এর আগে ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ আলেমদের এই দল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান। সেখান থেকে দুবাই হয়ে বুধবার সকালে কাবুলে পৌঁছান তারা। সফরে আফগানিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।


