
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের সংসদীয় যাত্রা শুরু করেছেন Mosleh Uddin Farid। দায়িত্ব গ্রহণের এই বিশেষ মুহূর্তে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করার পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংসদের অধিবেশন শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ৮৬, যশোর-২ আসনের প্রতিনিধিত্ব করছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া এবং আপনাদের প্রতি আবারো অশেষ কৃতজ্ঞতা।”
যশোর এমএম কলেজের অধ্যাপক শরিফের সুযোগ্য সন্তান ডা. মোসলেহ উদ্দিন ফরিদের এই সংসদীয় অভিষেককে কেন্দ্র করে তার নির্বাচনী এলাকা ঝিকরগাছা ও চৌগাছায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন, তার বলিষ্ঠ নেতৃত্বে যশোর-২ আসনের অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হবে এবং জনকল্যাণমুখী রাজনীতির নতুন ধারা সূচিত হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়া এই নেতা শুরু থেকেই যশোর-২ আসনের সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। সংসদের প্রথম অধিবেশনে যোগদানের মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু করলেন বলে মনে করছেন স্থানীয়রা।


