
নিউজ ডেক্স :
সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব শুরু করেছেন। গত ৩ মে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম নবনির্বাচিত সংরক্ষিত নারী এমপিদের শপথ পাঠ করান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে ৬:১ ভোটের ভিত্তিতে সাবিরা সুলতানা মুন্নী সংসদ সদস্য নির্বাচিত হন। শপথ গ্রহণের পর তিনি রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
সংসদ সদস্যদের পারিশ্রমিক ও ভাতা সংক্রান্ত ১৯৭৩ সালের আইন এবং ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী, সংরক্ষিত আসনের নারী এমপিরা সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতোই সমান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে মাসিক সম্মানি ভাতা, ন্যাম ভবনে ফ্ল্যাট, প্লট, পরিবহন সুবিধা, অফিস পরিচালনা ব্যয়, চিকিৎসা, ভ্রমণ সুবিধা, শুল্কমুক্ত গাড়ি আমদানি, বীমা এবং অন্যান্য ভাতা। পাশাপাশি জ্বালানি খরচ, গাড়ি রক্ষণাবেক্ষণ ও ড্রাইভারের বেতনসহ বিভিন্ন সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসন এবং সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এই সংসদ সদস্য নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “নারীদের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এসময় তিনি সংরক্ষিত আসনে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি চৌগাছা ও ঝিকরগাছার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
শপথ গ্রহণের পরদিন ৪ মে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেন।


