
নিজস্ব প্রতিবেদক :
দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালনরত নারী ভোটকর্মীদের বাধা প্রদান ও লাঞ্ছিত করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ঝিকরগাছার রাজপথ। এ ঘটনার প্রতিবাদে তাণ্ডবিক নির্বাচনী মিছিল করেছে ১১ দলীয় জোট।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় ঝিকরগাছা বাজার এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুলসংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। মিছিলকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে নারী ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানান।
মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী প্রচারণার সময় নারী ভোটকর্মীদের ওপর বাধা ও লাঞ্ছনার ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, নারী ভোটকর্মীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নারী ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরে মিছিলটি ঝিকরগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে পূণরায় কামিল মাদ্রাসায় এসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে।


