
ডেক্স রিপোর্ট :
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের প্রভাবিত করতে মাঠে নেমেছে জামায়াত। তাদের মহিলা বিভাগের কর্মীরা দেশজুড়ে সক্রিয় হয়েছে। এ তথ্য বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপিও নারী ভোটারদের টার্গেট করে কর্মসূচি শুরু করছে। তবে সরাসরি নয়, দলটির সহযোগী সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম এর মাধ্যমে। ফোরামের নেতৃত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
কর্মসূচি শুরু
১৪ অক্টোবর খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। ১৫ অক্টোবর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে এবং ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কর্মসূচি চলবে। প্রতিটি বৈঠকে বিএনপি–সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা যুক্ত থাকবেন।
লক্ষ্য
ফোরামের নেতারা জানিয়েছেন, নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনা তুলে ধরা, নারী অধিকার ও সুরক্ষা নিয়ে কথা বলা এবং সচেতন করা—এটাই মূল উদ্দেশ্য।
নিপুণ রায় চৌধুরী বলেন, “নারী ভোটারদের অধিকার ও সুরক্ষার বিষয়ে আমরা কথা বলব, তাঁদের সচেতন করব।”
সেলিমা রহমান বলেন, “জামায়াত নারী ভোটারদের নিয়ে মাঠে কাজ করছে। আমরাও আমাদের ওয়েতে কাজ করছি। সচেতন নারী সমাজই পারে নৈতিক অবক্ষয় থেকে দেশকে বের করে আনতে।”
বিএনপির নীতিনির্ধারকদের মতে, নারী ভোটারদের সংগঠিত করে নির্বাচনে ‘ধানের শীষ’-এর পক্ষে গণজোয়ার তৈরি করাই এখন মূল লক্ষ্য।


