
ডেক্স রিপোর্ট :
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে আগামীকাল সোমবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। এসময় তার সঙ্গে থাকবেন ডা. সাজ্জাদ হোসেন। শাকিল উজ্জামান দেশবাসীর কাছে নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


