
যশোর প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পাঁচ দিন পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে আব্দুল আলিমকে।
যশোরের ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ৬ নম্বর ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলীমের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পরও আশানুরূপ সুস্থতা না ফেরায় চিকিৎসকদের পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৯ জুলাই (রোববার) সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাসা থেকে কর্মস্থল টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন মাওলানা আব্দুল আলীম। পথে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে গেলেও ওই রাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরদিন ২০ জুলাই (সোমবার) সকালে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে টানা পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে তাকে ঢাকার কল্যাণপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।
এদিকে, জনপ্রিয় এই ধর্মীয় ও রাজনৈতিক নেতার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।


