
ডেক্স রিপোর্ট :
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে আমরা রাস্তায় নামব।” তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়; বরং একটি বিশেষ দলের পরামর্শেই দেশের প্রশাসন পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা পরিষদ বাতিলের পর থেকে দিনটিকে “উপজেলা দিবস” হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।
জিএম কাদের বলেন, “এখন একটি পাতানো নির্বাচনের প্রস্তুতি চলছে। দেশের মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। শেখ হাসিনার মতো শক্তিশালী নেতাও এভাবে টিকতে পারেননি, অন্যরাও পারবেন না।”
তিনি আরও বলেন, “যে ধরনের ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হয়েছিল, এখন তার চেয়েও ভয়াবহ ভোটের আয়োজন চলছে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভব নয়, তবে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “অশান্তির জন্য যদি নোবেল পুরস্কার থাকত, তা বর্তমান সরকারের প্রাপ্য হতো। দেশে প্রতি মাসে খুন হচ্ছে, মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, বিনিয়োগ আসছে না। টিসিবির ট্রাকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। দেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে—অনেকে বলেন, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।”
এরশাদকে দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে জিএম কাদের বলেন, “এরশাদ উপজেলা ব্যবস্থা চালু করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন। পরে কায়েমি স্বার্থ রক্ষায় সেই ব্যবস্থা বাতিল করা হয়। এখন যা আছে, তা নামকাওয়াস্তে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।”
সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা।


