
ডেস্ক রিপোর্ট :
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, যশোর জেলা পশ্চিম-এর উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের পবিত্র সমাধিতে কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখসহ সাতজন শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। পরে বেনাপোলের পুটখালি এলাকায় অবস্থিত বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির যশোর জেলা পশ্চিম-এর সভাপতি জনাব ইসমাইল হোসেন, জেলা সেক্রেটারি এবং জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য অনন্ত প্রেরণা ও অনুপ্রেরণার উৎস। দেশ ও জাতির কল্যাণে শহীদদের আদর্শ অনুসরণ করে কাজ করার আহ্বান জানান তারা।
শেষে শহীদদের আত্মার শান্তি ও সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


