
চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিজ্ঞান স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দুপুর সাড়ে ১২টায় একই স্থানে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
এসময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনূস আলী, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করেন। তাদের সৃজনশীল উদ্ভাবন ও গবেষণামূলক চিন্তাভাবনা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


