
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ অভিযানটা জয় দিয়ে শুরু করার স্বপ্ন দেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেই স্বপ্নে শুরুতেই ধাক্কা দিল আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।
নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরুতে ছিল বেশ ছন্নছাড়া। অন্যদিকে আত্মবিশ্বাসী ও গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আফ্রিকান প্রতিনিধিরা। বাম প্রান্ত থেকে গড়ে তোলা আক্রমণে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েছিলেন তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আয়নাউই। তবে তার নেওয়া শট শেষ মুহূর্তে রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।
শুরুর চাপ সামলে ধীরে ধীরে খেলায় ফেরে ব্রাজিল। পাল্টা আক্রমণ থেকে সুযোগও তৈরি করেন ইগর থিয়াগো। কিন্তু সতীর্থের লফটেড পাস পেয়ে ভালো অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড।
এরই মধ্যে ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে ব্রাজিলের জালে বল জড়ান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। গোল হজম করে পিছিয়ে পড়লেও দ্রুত জবাব দেয় ব্রাজিল।
ম্যাচের ৩২তম মিনিটে নিজের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম প্রান্ত থেকে ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করেন তিনি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও সেই শট ঠেকাতে পারেননি। ব্রাজিলের জার্সিতে এটি ছিল ভিনিসিয়ুসের ৫০তম আন্তর্জাতিক গোল।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে প্রথমার্ধের তুলনায় মরক্কো কিছুটা নিষ্প্রভ হয়ে পড়লে ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টা করে ব্রাজিল। তবুও নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে আবারও আতঙ্ক ছড়ায় মরক্কো। ৯৯তম মিনিটে এল আয়নাউইয়ের দূরপাল্লার জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার।
শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। ফলে বিশ্বকাপের শুরুতেই পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া করল কার্লো আনচেলত্তির ব্রাজিল। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ‘আফ্রিকান ব্রাজিল’ খ্যাত মরক্কোকে।
ফলে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ শেষে এক পয়েন্ট করে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল দুই দলই।


