
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান সোমবার (১৮ আগস্ট) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার (১৫ আগস্ট) গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখা নিয়ে জামায়াত কর্মী রাসেল ও বিএনপি কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে অস্ত্রের মহড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয়দের উদ্যোগে মীমাংসার বৈঠকে বসলে হাবিব ও মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে যুবদল কর্মী হাবিব এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সজীব ও তুষার আহত হন।
এদিকে, এ বিষয়ে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।


