
ডেক্স রিপোর্ট :
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে দলটির জেলা শাখা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভোলা জেলা জামায়াতের আমির মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ সংবাদ সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তারা জানান, প্রকৃত ঘটনা ভিন্ন। বহিষ্কৃতদের একজন মো. ওমর ফারুককে গত বছরের (২০২৪ সালের ৫ জুলাই) অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এ বিষয়ে বহিষ্কারাদেশের চিঠিও সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বহিষ্কৃত মো. ওমর ফারুকসহ কারো সাথেই বর্তমানে জামায়াতের কোনো সম্পর্ক নেই। যারা এই ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছেন তারা আসলে হলুদ সাংবাদিকতার কাজ করছেন। সঠিক তথ্য প্রচারের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল।
ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন ভোলা জেলা জামায়াতের নেতারা।


