
যশোর প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডুমদিয়া উত্তরপাড়ার যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আরিফুর রহমান কল্লোল।
“খেলাই শক্তি, খেলাই বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি খেলাধুলার গুরুত্ব, যুবসমাজের নৈতিক বিকাশ এবং মাদকমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
অধ্যাপক আরিফুর রহমান কল্লোল বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ এবং তরুণদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা যেমন মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে, তেমনি দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত স্থানীয় যুবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণ এবং তরুণদের উৎসাহিত করার এ ধরনের উদ্যোগ এলাকায় ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


