
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, “মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন চাইলে রাষ্ট্র পরিচালনা আল্লাহর আইন অনুযায়ী হওয়া আবশ্যক। ইসলামবিরোধী কোনো আইন এ দেশে চলতে দেওয়া হবে না।” তিনি বলেন, দেশের সকল রাজনৈতিক দল একদিন ইসলামের পতাকার নিচে সমবেত হবে—এ আশা জাতি লালন করে।
তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একতরফা নির্বাচন দেশবাসী আর চায় না। মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে প্রধান উপদেষ্টাকে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার, নির্বাচন-পূর্ব গণভোটসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। দেশে বৈষম্য, জুলুম ও অন্যায় বেড়েই চলেছে। এই বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই আটদলীয় জোট কাজ করছে।”
এর আগে বেলা ১২টা থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে পৌঁছায়। নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে আটদলের বিজয় ‘নিশ্চিত’ বলেও মন্তব্য করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, যুগ্ম মহাসচিব মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব হযরত মাওলানা মূসাবীন ইজহার প্রমুখ।


