
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি ও ব্যানার প্রদর্শন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঝিকরগাছা উপজেলা শাখা।
উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ইসা মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সেক্রেটারি মোঃ খালিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব জামায়াত ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবিদুর রহমান।
“আহলান সাহলান মাহে রমাদান” এবং “পবিত্র মাহে রমাদান উপলক্ষে স্বাগত র্যালি” স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে নেতাকর্মীরা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি চলাকালে বক্তারা বলেন, রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান তারা। পাশাপাশি পবিত্র রমাদানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষকে ধৈর্য, শৃঙ্খলা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। একটি সুন্দর, নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে রমাদানের আদর্শ অনুসরণের বিকল্প নেই।
উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, মাহে রমাদান উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন দাওয়াতি, সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।


