
স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে অন্তিম মুহূর্তে এসে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন।
শুক্রবার (রাত) বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর জানান, দলীয় প্রধান নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, পরিবর্তনের যে ডাক জনগণ দিয়েছে, তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
প্রার্থীতা প্রত্যাহারের আগ পর্যন্ত তিনি তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন উল্লেখ করে আব্দুন নুর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে সরে দাঁড়ানোর পেছনে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেন তিনি। আব্দুন নুর অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তিনি লক্ষ্যভেদী হত্যাকাণ্ড বা ‘টার্গেট কিলিং’-এর শিকার হতে পারেন। তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।


