
নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী,
যশোর-১ (শার্শা) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি,
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জেলা বিএনপির সহ-সভাপতি সাবিরা নাজমুল মুন্নী,
যশোর-৩ (সদর) আসনে তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত,
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য টিএস আইয়ুব, এবং
যশোর-৬ (কেশবপুর) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওনক জাহান শ্রাবণ মনোনয়ন পেয়েছেন।
তবে যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় চূড়ান্ত মনোনয়ন নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।
দলীয় নেতাদের মতে, মাঠপর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও গণসংযোগ কার্যক্রম মূল্যায়ন করেই প্রার্থীদের বাছাই করা হয়েছে।


