
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় খাঁনপুরপ বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং দলীয় শীর্ষ নেতাদের ছবি অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি উপজেলার ১৩নং খাঁনপুর ইউনিয়নের ৬নং ভরতপুর ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ে ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ভরতপুর বাজারে অবস্থিত কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ অফিসের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে।
এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) ভরতপুর ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ আলী দফাদার বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে একই গ্রামের আনার আলী গাজী (৪৮), নূর-মোহাম্মাদ (৫৬), মো. রুবেল হোসেন (২৪), মো. কবির হোসেন (২২), মোস্তাক হোসেন (২৮) ও মজিবর রহমান (৫৬)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বাদী ইউসুফ আলী দফাদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব ঘরে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। তিনি দাবি করেন, অভিযুক্তরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক এবং রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লা খান জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


