
চৌগাছা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রিপন মাহমুদ।
সোমবার (২৯ ডিসেম্বর) চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন জমা শেষে এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ বলেন, “স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্ত হয়েছি কেবলমাত্র জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আগামী নির্বাচনে যদি সুষ্ঠু ও অবাধ ভোটের পরিবেশ নিশ্চিত করা হয়, তাহলে জনগণ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক স্বাধীনতা প্রয়োগের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “ভোটের মাধ্যমে সরকারি সেবা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাম্যের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হবে। এজন্য সরকারের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করা।”
এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন ঘিরে যশোর-২ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।


