
যশোর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে পুনরায় শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, ডা. মোসলেহ উদ্দিন ফরিদের বিরুদ্ধে উত্থাপিত ব্যাংক সংক্রান্ত জটিলতার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে নতুন করে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির পক্ষ থেকে আপত্তি উত্থাপন করা হয়েছে। এ কারণে বিষয়টি পর্যালোচনার জন্য শুনানি ১৬ জানুয়ারি পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়, একটি ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে প্রয়োজনীয় ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়নি।
নির্বাচন কর্মকর্তাদের তথ্যমতে, সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্টে প্রায় ২০ বছর আগের একটি ক্রেডিট কার্ডের বকেয়া দেখানো হয়, যা মনোনয়নপত্র বাতিলের অন্যতম কারণ ছিল।
তবে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষ থেকে জানানো হয়, উক্ত বকেয়ার অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকের ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় প্রমাণপত্র নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। যদিও নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া পরিশোধ সম্পন্ন না হওয়ায় আইনগত জটিলতা সৃষ্টি হয়েছিল বলে নির্বাচন কর্মকর্তারা উল্লেখ করেন।
এদিকে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


