
যশোর-২ এ সহিংসতার ক্ষত সারাতে আহত পরিবারের পাশে এমপি ডা. ফরিদ।
যশোর প্রতিনিধি:
যশোর–২ আসনের নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন ও তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (৭ মার্চ) যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের রয়েছে। তবে কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে তার দাত-ভাঙ্গা জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি উপস্থিত সবাইকে এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। তবে কেউ আক্রমণ করলে তা প্রতিহত করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। একজন ভোটার তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে। তাই নির্বাচনী এলাকা শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহনশীল আচরণ করতে হবে, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সংসদ সদস্য জানান, তার নির্বাচনী এলাকার সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে প্রায় তিন হাজার টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ও পরে যশোর–২ আসনের ঝিকরগাছা উপজেলায় প্রায় ১০০টি এবং চৌগাছা উপজেলায় প্রায় ৫০টি পরিবার নির্বাচনী সহিংসতার শিকার হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুনসহ উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।


