
যশোর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুলহক সাবু। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, নারী নেত্রী ও বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, যশোর-৩ আসনের ভোটাররা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় দেবেন এবং অনিন্দ্য ইসলাম অমিতকে বিপুল ভোটে বিজয়ী করবেন।


