
নিজেস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, রাবি শাখা। একই সঙ্গে তারা পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহারেরও সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষকরা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা থেকে যেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়, সে জন্য তারা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন।
সভায় শিক্ষক পরিষদের পক্ষ থেকে আরও বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জে এ এম সাকিলউর রহমান বলেন, “আমরা ২০ তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচারের দাবি করি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দরকার, একই সাথে রাকসু নির্বাচনে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেটাও আমাদের দেখতে হবে। শিক্ষকদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করা।”
এ সময় শিক্ষক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


