
যশোর প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় অবস্থিত নাভারণ মহিলা আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের মাননীয় সংসদ সদস্য মজলুম জননেতা জনাব মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান (এমপি)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাভারণ মহিলা আলিম মাদ্রাসার সভাপতি অধ্যাপক মাওলানা শফিউদ্দিন। তিনি মাদ্রাসার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য এর সুফল কামনা করেন।


