
নিউজ ডেস্ক :
জাতীয় সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন সরবরাহের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি রয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মু. মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সরকারি ফ্ল্যাটের বিভিন্ন সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। তিনি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন সরবরাহের দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সরকারি ফ্ল্যাটগুলোর জানালা ও দরজায় এখনো পর্দা লাগানো হয়নি।
এদিকে সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের কারাগারগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
মন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯ জনের স্থান রয়েছে।
কিন্তু বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। এর মধ্যে পুরুষ বন্দি ৭৪ হাজার ৯৬৩ জন এবং নারী বন্দি ২ হাজার ৭৭ জন। ফলে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দি অবস্থান করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কারাগারগুলোর অতিরিক্ত বন্দি ধারণের এই চিত্র নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন সদস্য। বিশেষজ্ঞদের মতে, কারাগারে অতিরিক্ত বন্দির চাপ বন্দিদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


