
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ শাহিনুর আলমের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের দরগাহ পট্টি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। হামলার প্রতিবাদ জানাতে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা, সন্ত্রাসীদের কাছে এই দেশের মানুষ নিরাপদ কিনা — গতরাতের হামলার ঘটনায় জনগণের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে।”
তিনি আরও প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনারা সন্ত্রাসীদের নির্মূল করুন, গ্রেফতার করুন। আর যদি তা না পারেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মতোই দেশের তরুণ সমাজ আবারও সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, ইনশাআল্লাহ।”
এর আগে সোমবার রাতে জেলার আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর আলমের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও প্রতিবাদের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে।
হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


