
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহ এলাকার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
শনিবার (১১ জুলাই) উপজেলার আদর্শপাড়া, চেঙ্গুটিয়া ও বুড়োর দোকান এলাকায় পানিবন্দী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তিনি ত্রাণসামগ্রী পৌঁছে দেন। হাটুপানিতে নেমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নিজেই চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, “ভবদহের জলাবদ্ধতা কোনো সাময়িক সমস্যা নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্থায়ী দুর্ভোগ। বছরের পর বছর হাজারো পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেন, প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর আমির মাওলানা আলতাফ হোসেন, প্রেমবাগ ইউনিয়ন আমির মাওলানা সোলায়মান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এম. এম. আশিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে যশোরের অভয়নগর, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ বছরের পর বছর পানিতে নিমজ্জিত থাকে। এতে কৃষি, মৎস্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন।


